ভারতে আরো ৫১ হাজার মানুষ করোনা আক্রান্ত

মধ্যপ্রদেশে ডেলটা প্লাসে আবারও মৃত্যু

ভারতে শুক্রবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫১ হাজার ৬৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৪৪৫। একই সময় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। এখন পর্যন্ত মোট মৃত্যু ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। আনন্দবাজার পত্রিকা।

এদিকে ভারতের মধ্যপ্রদেশে করোনা ভাইরাসের ডেলটা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। মাসখানেক আগে করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছিল। দিন কয়েক আগে জানা যায়, তিনি ডেলটা প্লাসে আক্রান্ত ছিলেন। রাজ্যটিতে কমপক্ষে সাত জন আক্রান্ত হয়েছেন ডেলটা প্লাসে।

চিকিত্সকরা জানিয়েছেন, যে দুই জনের মৃত্যু হয়েছে তারা টিকা নেননি। তারা আরো জানান, আক্রান্তদের মধ্যে তিন জন রোগী, যারা একটি বা দুটি টিকাই নিয়েছিলেন তারা সুস্থ রয়েছেন বা কোনো জটিলতা ছাড়াই বাড়িতে আসোলেশনে রয়েছেন। অন্য দুই জন যারা কোনো টিকা নেননি তারাও করোনা জয় করেছেন বলে চিকিত্সকরা জানিয়েছেন। এদের মধ্যে এক জন ২২ বছরের তরুণী, অন্য জন দুই বছরের এক শিশু। ডেলটা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে তিন জন ভোপালের বাসিন্দা, দুই জন উজ্জয়িনীর বাসিন্দা। বাকি দুই জনের মধ্যে এক জনের বাড়ি রাইসেনে, অন্যজন অশোকনগর জেলার বাসিন্দা। মধ্যপ্রদেশ ছাড়াও কেরালা এবং মহারাষ্ট্রে ডেলটা প্লাসে আক্রান্ত হয়েছেন অনেকে। ভারতে ইতিমধ্যেই ৪০ জনের বেশি ডেলটা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এই তিন রাজ্যে সতর্কতাও জারি করেছে কেন্দ্রীয় সরকার।