‘নারী উদ্যোক্তা’ আঁখি আলমগীর

 বিনোদন রিপোর্ট

 

আরো একটি সৃজনশীল জগতে পা রাখলেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। এবার তিনি পা রাখলেন ফ্যাশন ডিজাইনের জগতে। ‘মখমল’ নামের একটি ফ্যাশন হাউজ খুলেছেন এই গায়িকা। তার এই নতুন যাত্রার মাধ্যমে সংস্কৃতি জগত্ নতুনভাবে খুঁজে পেয়েছে তৃতীয় প্রজন্মের এক শিল্পীকেও। তিনি আঁখির বড় মেয়ে স্নেহা। আঁখির ডিজাইন করা দৃষ্টিনন্দন শাড়িগুলোর মডেল হয়েছেন স্নেহা। এরইমধ্যে আঁখির শাড়িগুলোর ভূয়সী প্রশংসা করছেন দুই বাংলার অনেকেই। আঁখি  আলমগীর বলেন, ‘ছোটবেলা থেকে নিজের পছন্দের শাড়ি পরা এবং সৃষ্টিশীল কাজের মাঝে ডুবে থাকা আমার নেশা। গত কয়েক বছর ধরে আমার অনেক শাড়ি ও পোশাক আমি নিজেই ডিজাইন করছি। অনেকেই সেগুলো পরতে চান, কিনতে চান। সেই কথাগুলো মাথায় রেখে এবার নিজেই একটা ফ্যাশন হাউজ করে ফেললাম। করোনাকালীন অনলাইলে শাড়িগুলো পাওয়া যাবে। তবে করোনা পরিস্থিতি ভালো হলে ঢাকার আউটলেটেও পাওয়া যাবে। এরইমধ্যে অনেকেই শাড়ি নিতে চেয়ে আমাকে এসএমএস করছেন। এটা আমাকে আরো অনুপ্রেরণা জোগাচ্ছে।’

উল্লেখ্য, বাবা আলমগীর প্রখ্যাত অভিনেতা হলেও বাবার পথে হাঁটেননি আঁখি আলমগীর। গানকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য দেশি-বিদেশি পুরস্কার ও সম্মাননা। এছাড়া অভিনয়ে নিয়মিত না হলেও জীবনের প্রথম ছবি ‘ভাত দে’-তে অভিনয় করে জাতীয় পুরস্কার অর্জন করেন আঁখি আলমগীর।