বিনোদন ডেস্ক
অবশেষে পর্দায় আসছে বিখ্যাত ‘কে-পপ গার্ল ব্যান্ড’-এ বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্লাকপিঙ্ক: দ্য মুভি’। তবে ছবিটি হলে নয়, ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হবে। ১শ’টির বেশি দেশে আগামী ৪ আগস্ট সিনেমাটি মুক্তি দেওয়া হবে। জানা গেছে, ৮ আগস্ট ব্যান্ডটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে তারা। এই ডকুমেন্টারি মুভিটি তাদের ৪+১ প্রজেক্টের অংশ হিসেবে নির্মিত হয়েছে। ছবিটিতে স্মৃতি ও সৌন্দর্যকে ভিন্ন ভিন্নরূপে তুলে ধরা হয়েছে। ব্যান্ডটির এতদিনের যাত্রাপথের স্মৃতিগুলো তুলে ধরার পাশাপাশি নানা তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও ব্যান্ডের সদস্যদের ব্যক্তিজীবনের নানা ঘটনা প্রকাশ পাবে ছবিটিতে। ছবিটিতে থাকছে ব্যান্ডের সদস্যদের অপ্রকাশিত সাক্ষাত্কার ও কনসার্টের ৫টি গান।
উল্লেখ্য, এই ছবিটি মুক্তি দেওয়া ছাড়া আরো বেশকিছু চমক আগস্ট মাসে ব্যান্ডটি প্রকাশ করবে বলে জানিয়েছে।