স্পোর্টস ডেস্ক
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-২০ টুর্নামেন্টের ষষ্ঠ আসরের শিরোপা জিতেছে মুলতান সুলতানস। বৃহস্পতিবার রাতে ফাইনালে পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুলতান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান তুলেছিল মুলতান। ওপেনিংয়ে শান মাসুদ-রিজওয়ানের ৬৮ রানের জুটির পর শোয়েব মাকসুদ, রাইলি রুশোর হাফ সেঞ্চুরি এগিয়ে দেয় দলটিকে। মাকসুদ ৩৫ বলে অপরাজিত ৬৫ রান করেন। রুশো ৫০, শান মাসুদ ৩৭, রিজওয়ান ৩০ রান করেন। জবাবে ৯ উইকেটে ১৫৯ রান তুলতে সমর্থ হয় পেশোয়ার জালমি। শোয়েব মালিক ৪৮, কামরান আকমল ৩৬, রোভম্যান পাওয়েল ২৩ রান করেন। মুলতানের ইমরান তাহির ৩টি, ইমরান খান, মুজরাবানি ২টি করে উইকেট নেন। শোয়েব মাকসুদ ফাইনালের ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার পান। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে করোনার কারণে স্থগিত হওয়া পিএসএলের বাকি অংশ আরব আমিরাতে আয়োজন করা হয়।