স্পোর্টস রিপোর্টার
ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ২৮ জুন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়বে অস্ট্রেলিয়ানরা। তার আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার টি-২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চ সতীর্থদের উদ্দেশ্যে বলেছেন, আসন্ন দুই সফরে ভালো করে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাকা করা যাবে।
দুই সফরে যারা ভালো করবে তারাই সুযোগ পাবে বিশ্বকাপ দলে। কন্ডিশনের কারণে সফর দুটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ফিঞ্চ। একই সঙ্গে সতর্কবার্তা উচ্চারণ করেছেন সাত শীর্ষ ক্রিকেটারের প্রতি। যারা দুই সিরিজ থেকে খেলছেন না। ওয়ার্নার, কামিন্সের না খেলার বিষয়টি আগেই ঠিক করা ছিল, স্মিথ ইনজুরিতে। নিজে থেকে সরে গেছেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন।
তাদের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার। বিশ্বকাপে বর্তমান সিরিজগুলোর পারফরম্যান্সকেই গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন ফিঞ্চ। তাতে ম্যাক্সওয়েল, রিচার্ডসনদের জায়গা হারানোর শঙ্কাও দেখছেন তিনি। গতকাল সাংবাদিকদের ফিঞ্চ বলেছেন, ‘হ্যাঁ, খুবই বাস্তবিক সম্ভাবনা আছে। বর্তমান ফর্ম হিসেবে (বিশ্বকাপ) দল সাজাতে হবে। তাদের নিতে হবে যারা ভালো খেলছে।’