চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও শিবগঞ্জ সংবাদদাতা
জেলা আওয়ামী লীগের সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মইন উদ্দিন আহম্মদ (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা রুহুল আমীন তার মৃত্যু সংবাদ নিশ্চিত করে বলেন তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। জানাজার সময় পরে জানানো হবে। তার মৃত্যুতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে।