ইত্তেফাক রিপোর্ট
ভোলা জেলার মনপুরা উপজেলায় জাতীয় গ্রীডের বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ মনপুরা ডেভেলপমেন্ট সোসাইটি। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়নে বাংলাদেশের অনেক দুর্গম চরাঞ্চলসহ ভোলার বিভিন্ন চরে ইতিমধ্যে বিদ্যুত্ পৌঁছেছে। মনপুরা উপজেলার আশপাশে ১০-১২ হাজার মানুষ বসবাসকারী একটি ওয়ার্ডযুক্ত চরেও বিদ্যুত্ পৌঁছেছে। কিন্তু চারটি ইউনিয়ন নিয়ে গঠিত মনপুরা একটি পূর্ণাঙ্গ উপজেলা হওয়া সত্ত্বেও দেড় লক্ষাধিক জনগোষ্ঠীর এই উপজেলায় জাতীয় গ্রীডের বিদ্যুত্ পৌঁছায়নি। এতে মনপুরার সাধারণ শিক্ষার্থীরা অনলাইন ক্লাস এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারছে না।
মনপুরা ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যসচিব মো. ইয়াছিন বলেন, ভোলায় ডিজেলচালিত একটি বিদ্যুেকন্দ্র থাকলেও মনপুরা উপজেলা সদরের মাত্র দেড় হাজার বাসিন্দাদের রাতে ছয় ঘণ্টা বিদ্যুত্ দেওয়া হয়, যা চাহিদার তুলনায় অত্যন্ত কম। মনপুরার তিনটি ইউনিয়নে ওয়েস্টার্ন রিনিউবল এনার্জি কোম্পানি সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুত্ সরবরাহ করছে। এই কোম্পানি প্রতি ইউনিট বিদ্যুতের দাম নিচ্ছে ৩০ টাকা, মাসিক ভ্যাট ৭০ টাকা এবং এককালীন মিটার খরচ নিচ্ছে ৫ থেকে ৮ হাজার টাকা।
সংগঠনের আহ্বায়ক সিদ্দিক রহমান বলেন, মনপুরার ৯৫ ভাগ মানুষ নিতান্ত দিনমজুর, জেলে, কৃষক। তাই ৩০ টাকা ইউনিটে বিদ্যুত্-সংযোগ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া উত্পাদন সীমাবদ্ধতার কারণে কোম্পানির বিদ্যুত্ মাত্র ৫ শতাংশ বাসিন্দারা পাচ্ছেন। তাই মুজিববর্ষের অঙ্গিকার বাস্তবায়ন হিসেবে মনপুরায়ও জাতীয় গ্রিড থেকে বিদ্যুত্ দেওয়ার দাবি জানান তারা। অন্যদের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন—সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সঞ্জয় কুমার দে, আল মামুন নাহিদ, এইচ এম এরশাদ, ওয়াসিম হাওলাদার প্রমুখ।