স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা দেশে আসবে। টিকা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাঠানো এক চিঠির বরাত দিয়ে গতকাল শুক্রবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুক্রবার এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চিঠি এসে পৌঁছেছে। চিঠিতে তারা জানিয়েছে, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন (টিকা) দেওয়া হবে।
জাহিদ মালেক আরো বলেন, এর আগে তারা আমাদের কাছে জানতে চেয়েছিল যে, আমরা এই টিকা (মডার্না) নেব কি না। পরে আমাদের পক্ষ থেকে টিকা নেওয়ার আগ্রহের কথা জানানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আরো জানান, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে কোভ্যাক্স থেকে এই টিকা পাবে বাংলাদেশ। এছাড়া প্রায় একই সময়ে ভ্যাকসিন আসতে পারে চীন থেকেও। তবে চীন থেকে কী পরিমাণ ভ্যাকসিন আসছে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।