ছাতকের এক তরুণের বিরুদ্ধে মন্দিরে ঢুকে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি নান্টু দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।
এদিকে ছাতকের মো. ফাহিম আহমেদ (২০) নামের এক তরুণের ফেসবুক পোস্টের একটি স্ক্রিনশট গতকাল শুক্রবার সুনামগঞ্জ জেলায় ভাইরাল হয়। ছবিতে দেখা যায় বন্ধুদের নিয়ে সে কোন এক মন্দিরে প্রতিমার সঙ্গে অশোভন ভঙ্গিতে পোজ দিচ্ছে। এই তরুণই লোকনাথ মন্দিরে ঘুরতে এসেছিল বলে মন্দির কর্তৃপক্ষ দাবি করেছে।
এদিকে এই ঘটনায় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ঐ তরুণকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে পুলিশ গতকাল জগন্নাথপুরের এক আত্মীয়ের বাসা থেকে ফাহিমকে আটক করতে সক্ষম হয়। সে ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের বাসিন্দা ও সিংচাপইড় আলিয়া মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন ধরনের সুযোগ পাবে না।