সুজিত সরকারের পরিচালনায় অভিনয় করার সুযোগ পেলেন প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল। ছবিটি প্রযোজনা করছেন রনি লাহিড়ী। ইনস্টাগ্রামে সুজিত ও বাবিলের সঙ্গে ছবি পোস্ট করে ছবির কথা জানিয়েছেন রনি নিজে।
ছবির ক্যাপশনে প্রয়াত ইরফান খানকে স্মরণ করে প্রযোজক লিখেছেন, ‘ইরফান স্যারের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। প্রথমে তার মতো কিংবদন্তির সঙ্গে কাজ, আর এবার বাবিলের সঙ্গে কাজ। এটা যদি দৈবযোগ না হয় তাহলে কী?’
ছবি শেয়ার করেছেন বাবিল খানও। ক্যাপশনে লিখেছেন, ‘কিংবদন্তী আপনার সাথে কাজ করার জন্য সম্মানিত।’
ছবিটি জেইনকে ট্যাগ করেছে তিনি লিখেছেন, ‘তোমাকে ফ্রেমে না পাওয়াটা লজ্জার ব্যাপার।’
আমির খানের ভাগ্নী জেইন। শোনা গিয়েছে, বাবিলের সঙ্গে এ ছবিতে দেখা যাবে তাকে। আগে ‘মিসেস সিরিয়াল কিলার’ ছবিতে অনুশকা নামের চরিত্রে দেখা গিয়েছিল জেইনকে। এর আগে নেটফ্লিক্স অরিজিনাল ‘কালা’র শুটিং শেষ করেছেন বাবিল। অনুশকা শর্মার প্রযোজনায় ওই ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও তৃপ্তি ডিমরি। তবে সুজিত সরকারের ছবি মানেই বড় ব্রেক। আর বাবা ইরফান খানের উত্তরসূরি হওয়ার দায়িত্ব বহন করা।
২০১৫ সালে সুজিত পরিচালিত ‘পিকু’ আজও দর্শকদের মনে অমলিন। অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি ইরফানের সেই সাবলীল অভিনয় ভোলার নয়।
ইত্তেফাক/বিএএফ