বিনোদন ডেস্ক
সম্প্রতি মুক্তি পাওয়া ‘রাধে:ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার সাফল্যের রেশ এখনো চলছে। সিনেমাটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করে প্রশংসার পাশাপাশি প্রথমসারির তারকা বনে চলে গেছেন দিশা পাটানি। সেই আনন্দে বেশ খোশমেজাজেই রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে ছুটি কাটাচ্ছেন তিনি। তবে সিনেমাটি নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হলেও তাকে ঘিরে করা শিরোনাম নিয়ে অনেকটাই বিরক্তি প্রকাশ করলেন এই অভিনেত্রী। বলা চলে, রীতিমতো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধম্যের ওপর নিজের ক্ষোপ প্রকাশ করলেন দিশা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এ নিয়ে তিনি লেখেন, ‘তারকাদের নিয়ে নানা ধরনের সংবাদ, চটু কথা ছড়াবেই। তবে এমন কিছু করা উচিত নয়, যা আমাদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করে। ইদানিং লক্ষ্য করছি আমার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন, এমনকি সালমানের সঙ্গে আমার বয়সের পার্থক্য নিয়ে নানা ধরনের নেতিবাচক শিরোনাম করে সংবাদ প্রকাশ করা হচ্ছে। যেগুলো দেখলে নিজের কাছেই খারাপ লাগে। কারণ আমাদেরও জীবন, পরিবার ও সমাজ আছে! আজ সালমানের কারণেই আমার এমন অবস্থান তৈরি হয়েছে। আমার প্রয়োজনের সময় তিনি পাশে দাঁড়িয়েছেন এবং সুযোগ দিয়েছেন। তার কাছে আমি কৃতজ্ঞ। তাই তাকে ঘিরে নেতিবাচক শিরোনাম খুবই কষ্ট দেয়। আর অভিনয় কখনো বয়সে সীমাবদ্ধ থাকে না। একটা চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলে যে কারো বিপরীতেই অভিনয় করা যায়। জানি আমাদের বয়সের পার্থক্য অনেক। কিন্তু পর্দায় কী আপনারা সেই তফাত্ বুঝতে পেরেছিলেন! তাই বলবো, শিরোনাম লেখার আগে একটু ভাবুন।’