কলম্বিয়ার প্রেসিডেন্ট দুকেকে বহনকারী হেলিকপ্টারে গুলি

বিবিসি

ভেনিজুয়েলা সীমান্তের কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকেকে বহনকারী হেলিকপ্টারটি গুলির আঘাতে সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং নর্তে দে সানতানদের প্রদেশের গভর্নর সঙ্গে নিয়ে দুকে ওই হেলিকপ্টারে চড়ে কুকুতায় যাচ্ছিলেন।

হেলিকপ্টারে গুলি লাগলেও এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র। দুকে এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ আখ্যা দিয়েছেন। বলেছেন, এ ধরনের সহিংসতা বা সন্ত্রাসী কর্মকান্ডে তিনি ভীত নন। ‘আমাদের রাষ্ট্র শক্তিশালী। কলম্বিয়া এ ধরনের হুমকি মোকাবেলায় বেশ শক্তিশালী’, টুইটারে দেওয়া ভিডিও পোস্টে এমনটাই বলেছেন মধ্য ডানপন্থি এ রাজনীতিক। হামলায় কারা জড়িত, তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ভেনিজুয়েলা সীমান্তের কাছে কাতাতুম্বো অঞ্চলে বামপন্থি সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) বেশ সক্রিয়। যদিও প্রেসিডেন্টের হেলিকপ্টার লক্ষ্য করে তারাই গুলি চালিয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। ভূমি এবং সম্পদ বন্টনে অসমতার বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ইএলএন এখন কলম্বিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী। কলম্বিয়াার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও একে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।