ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কখনোই লকডাউন সফল হবে না। ক্ষুধার্ত মানুষকে কখনোই ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।
জি এম কাদের বলেন, এটা মানতেই হবে—করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু, দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে খাবার মজুত থাকে না। প্রতিদিন আয় করেই, প্রতিদিনের খাবার জোগাড় করতে হয় তাদের। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সঙ্গে ওষুধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশুখাদ্য কিনতে হয়। দিতে হয় বাসাভাড়াও। লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এসব পরিবারে। মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশ জুড়ে।