জনদুর্ভোগ চরমে
বুড়িচং উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি উপজেলা প্রকল্প কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি ব্রিজটি সংস্কারের ব্যাপারে উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।’
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর এলাকার একটি ব্রিজ দীর্ঘ ছয় বছরেও সংস্কার হয়নি। জেলার তিনটি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কের খালের ওপর নির্মিত ঐ ব্রিজের মাঝের অংশ ধসে পড়লেও সংস্কারের অভাবে এসব এলাকার হাজারো মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ নিরসনে অবিলম্বে ব্রিজটি ভেঙে সেখানে নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা।
সরেজমিন ঘুরে জানা গেছে, জেলার বুড়িচং উপজেলা সদর ও উপজেলার হরিপুর, জরুইন গ্রাম হয়ে রাজাপুর ইউনিয়নের রাজাপুর রেলওয়ে স্টেশন, শংকুচাইল গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলা সদর এবং জেলার আদর্শ সদর উপজেলাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সদরে সরাসরি যোগাযোগের সড়ক এটি। কিন্তু এই সড়কের রাজাপুর এলাকার ব্রিজটির ওপরের বেশির ভাগ অংশ ধসে পড়ায় প্রতিদিন যাত্রী ও মালবাহী বাহনকে দীর্ঘ পথ ঘুরে বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে। রাজাপুর ও আশপাশের গ্রামের আবদুল হাকিম, জুলহাস মিয়া, নূরে আলম, মনোয়ারা বেগমসহ নানা পেশার অন্তত ১২ জন বাসিন্দা বলেন, ‘ব্যস্ততম সড়কের এই ব্রিজের মাঝের অংশ গত প্রায় ছয় বছর আগে ধসে পড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভাঙা ও নড়বড়ে ব্রিজের কারণে আঞ্চলিক এই সড়ক দিয়ে যাত্রীবাহী বাস-মিনিবাস, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেট কার ও মালবাহী ট্রাক চলাচল করতে পারছে না। কৃষিপণ্য বাজারজাতকরণে সমস্যায় পড়ছেন কৃষক। ভাঙা ব্রিজ হয়ে সিএনজি অটোরিকশা, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, রিকশাসহ ছোটখাটো বাহন দিনে ও রাতে চলাচলের সময় প্রায়ই উলটে পড়ে দুর্ঘটনা ঘটে থাকে।
এ ব্যাপারে উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও উপজেলা প্রকৌশলীর কাছে জনদুর্ভোগের বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কারো কোনো পদক্ষেপ চোখে পড়ে না। প্রতিবারই তারা সংস্কারের আশ্বাস দিলেও বছরের পর বছর এভাবেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে।’ জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে স্থানীয় রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘গুরুত্বপূর্ণ এই ব্রিজ প্রায় ছয় বছর ধরে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। তাই ব্রিজটি সংস্কার কিংবা ভেঙে সেখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে বহুবার অনুরোধ করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ বুড়িচং উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া সাংবাদিকদের বলেন, বিষয়টি উপজেলা প্রকল্প কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি ব্রিজটি সংস্কারের ব্যাপারে উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।