শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে কুবির বাস সার্ভিস

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে চলমান সব পরীক্ষা স্থগিত হওয়ায় ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে প্রতিটি বিভাগীয় শহরে জরুরি বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকালে বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ছেড়ে গেছে।

এর আগে শুক্রবার একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষা স্থগিত করা হয় ও লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিতে সব বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকালে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং রাতে রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বাস সার্ভিস চালু ছিল। প্রশাসনের এ সিদ্ধান্তকে প্রশংসনীয় বলে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তের ফলে বাড়ি ফেরার ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে এ বাস সার্ভিস চালু করি। শনিবার ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে ৯টি বাস ও দুপুরে দুটি বাস ছেড়ে গেছে। পরবর্তী সময়ে রাতে অন্যান্য বিভাগের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে তাদের নিজ নিজ শহরে পৌঁছে দেওয়া হচ্ছে।