চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
চুনারুঘাট উপজেলার গিলানী চা-বাগানে পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। তার নাম তাজুল ইসলাম (১৪)। সে চুনারুঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মো. আলফু মিয়ার ছেলে। পেশায় ব্যাটারিচালিত টমটমচালক। শুক্রবার সন্ধ্যায় গিলানী চা-বাগানের অভ্যন্তরে গলায় রশি পেঁচানো লাশটি পড়ে থাকে। স্থানীয়রা চুনারুঘাাট থানাপুলিশকে খবর দিলে ওসি মো. আলী আশরাফ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান। শনিবার দুপুরে লাশের পরিচয় পাওয়া গেলে পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করে। মাধবপুর সার্কেল এএসপি মহসিন আল মুরাদ জানান, টমটমচালক তাজুল ইসলামকে কে বা কারা হত্যা করেছে তার তদন্ত চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এ হত্যাকাণ্ডের মোটিভ বের করতে সক্ষম হব।