কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক আমোদ’ এর উপদেষ্টা সম্পাদক বেগম শামসুননাহার রাব্বী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি আমেরিকার নিউজার্সি সিটির একটি হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার ইন্তেকাল করেন। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
শামসুননাহার রাব্বী ১৯৪৩ সালের ১ নভেম্বর কুমিল্লা শহরের মোগলটুলি এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালের ২০ অক্টোবর সাপ্তাহিক আমোদ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর সঙ্গে তার বিয়ে হয়। স্বামীর অনুপ্রেরণায় ১৯৫৯ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৪ সালের ২৮ নভেম্বর ফজলে রাব্বীর মৃত্যুর পর তিনি পত্রিকাটি প্রকাশনার দায়িত্ব নেন। প্রায় এক যুগ ধরে তিনি পত্রিকাটির উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি ‘অনন্যা শীর্ষ দশ’ সম্মাননা পদকে ভূষিত হন। শামসুননাহার রাব্বী পরিবারের সঙ্গে নিউজার্সি সিটিতে অবস্থান করছিলেন।