দখল, দূষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: ডিএনসিসি মেয়র

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে দখল, দূষণ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। গতকাল শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে রোটারি ক্লাব, সোনারগাঁও ঢাকা কর্তৃক আয়োজিত রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স-২০২১-এ তিনি একথা বলেন। মো. আতিকুল ইসলাম বলেন, করোনা মহামারির প্রথম দিকে যখন কেউ করোনা আক্রান্ত মানুষের কাছে যেতেও ভয় পেতো সেই সময়েও তিনি মহান সৃষ্টিকর্তার ওপর ভরসা করে নির্ভয়ে অসহায় মানুষের কাছে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন।

তিনি বলেন, করোনাকালে ‘সবাই মিলে সবার ঢাকা’ এর মাধ্যমে ৭৬ হাজার অসহায় পরিবারের নিকট খাবার পৌঁছে দেওয়া হয়েছে, এই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এসব খাবার প্যাকেট এবং বিতরণ করা সম্ভব হয়েছে। এজন্য তিনি ‘সবাই মিলে সবার ঢাকা’ এবং ‘বিডি ক্লিন’ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।