ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন ও সূচক বেড়েছে। এ সময় বাজার মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকার বেশি। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ ৪৭ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৫ লাখ ১০ হাজার ৬৩৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৫০৩ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা বা দশমিক ৪৯ শতাংশ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৩৫ হাজার ৭৯ কোটি ৮৪ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৬৬৯ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫৯০ কোটি টাকার বেশি। পুরো পুঁজিবাজারে বা দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার কোটি টাকার বেশি।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৫২৪ কোটি ২৯ লাখ ১৮ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন কমেছে ২৭৪ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার টাকা বা ২ দশমিক ৮০ শতাংশ।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেল সপ্তাহে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৮৭ লাখ ৬২ হাজার টাকা। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৮৪ লাখ ৮ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন ১১৬ কোটি ৩ লাখ ৫৪ হাজার টাকা বেড়েছে। গেল এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৭৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২২৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ার ও ইউনিট দর।