ফাইজার ও মডার্নার টিকায় তরুণদের হূদ্যন্ত্রে প্রদাহ দেখা দিচ্ছে :সিডিসি

যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর কম বয়সি তরুণদের মধ্যে হূদ্যন্ত্রের প্রদাহ ধারণার চেয়ে বেশি সংখ্যায় দেখা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফাইজারের কোভিড-১৯ টিকার সঙ্গে তরুণদের হূদ্যন্ত্রে প্রদাহের যোগসূত্র আছে— ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন প্রতিবেদন প্রকাশের পর সিডিসি এবং অন্যান্য স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে। সিডিসির নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থার তথ্য অনুযায়ী, তরুণ পুরুষদের একটি অংশের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়ার পর হূদ্যন্ত্রে প্রদাহ দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে, তারা এখনো এ পরিস্থিতির ঝুঁকি মূল্যায়ন করছে এবং মায়োকার্ডিয়াক বা পেরিকার্ডিয়াকের সঙ্গে টিকার কোনো কার্যকারণ সম্পর্ক আছে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। চিকিত্সকদের ধারণা ছিল, এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে ১০ থেকে ১০২ জনের মধ্যে। কিন্তু সেই তুলনায় অনেক বেশি মানুষের এমন উপসর্গ দেখা গেছে। ১১ জুন পর্যন্ত মায়োকার্ডিয়াক বা পেরিকার্ডিয়াকের ১ হাজার ২০০ বেশি কেসের তথ্য পাওয়া গেছে। দ্বিতীয় ডোজ নেওয়ার পর ব্যথা অনুভবকারীদের গড় বয়স ২৪ বছর এবং প্রায় ৮০ শতাংশই পুরুষ। কয়েক জন রোগী এ কারণে হাসপাতালে ভর্তি করা হলেও বেশির ভাগই উপসর্গ দেখা দেওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন অ্যাডভার্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেমে (ভার্স) অভিযোগকারী অর্ধেকের বেশি মানুষ ফাইজার-বায়োএনটেক বা মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর উপসর্গ তৈরি হওয়ার কথা বলেছেন। তাদের বয়স ১২ থেকে ২৪ বছরের মধ্যে। যুক্তরাষ্ট্রে টিকাপ্রাপ্তদের মধ্যে এই বয়সশ্রেণির অংশগ্রহণ ৯ শতাংশেরও কম।

ফাইজার বলেছে, হূদ্যন্ত্রে প্রদাহের বিষয়টি নিয়ে তারা সিডিসির মূল্যায়ন সমর্থন করে। সেই সঙ্গে তারা এটাও বলেছে, যে পরিমাণ টিকা দেওয়া হয়েছে, সে তুলনায় ব্যথা অনুভবকারীর সংখ্যা ‘খুবই কম’। মডার্না জানিয়েছে, তারা এখন পর্যন্ত তাদের টিকার সঙ্গে এ ধরনের ব্যথার সম্পর্ক খুঁজে পায়নি। জনস্বাস্থ্য ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করার কথা জানিয়েছে তারা।

এদিকে মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ সতর্ক করে বলেছে, ফাইজার ও মডার্নার টিকা প্রয়োগের কারণে মানুষের হূদ্যন্ত্রে প্রদাহ দেখা দিতে পারে।