অনলাইন নাট্যোত্সবে ‘হেলেন কেলার’ প্রদর্শিত হবে আজ

ঢাকার নাট্যমঞ্চের আলোচিত নাটক হেলেন কেলার। দেশের পাশাপাশি বিদেশেও সমাদৃত হয়েছে স্বপ্নদল প্রযোজিত প্রযোজনাটি। সেই সুবাদে নাটকটি প্রদর্শিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের নাট্যদল ঢাকুরিয়া নাট্যমুখ আয়োজিত আন্তর্জাতিক অনলাইন থিয়েটার ফেস্টিভ্যালে। আজ রবিবার বাংলাদেশ সময় রাত আটটায় ঢাকুরিয়া নাট্যমুখের ফেসবুক পেজ ও ইউটিউিব চ্যানেলে সম্প্রচারিত হবে মনোড্রামা হেলেন কেলার। একই দিনে স্বপ্নদল দেশে আয়োজন করেছে ফেসবুক লাইভ আলোচনা ও হেলেন কেলারের আংশিক অভিনয়। স্বপ্নদলের প্রতিষ্ঠাতা-প্রধান সম্পাদক জাহিদ রিপনের ফেসবুক থেকে অনুষ্ঠানটি সম্প্রচার হবে। জাহিদ রিপনের সঞ্চালনায় এতে অতিথি ও আলোচক হিসেবে থাকবেন ভারতের আসামের গুয়াহাটিস্থ উইংস থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যজন কিসমত বানো, ভারতের মহারাষ্ট্রের পুনেস্থ নাট্যসংগঠন অগ্নিমিত্রের সংগঠক-অভিনেতা নাট্যজন সমীরণ ভৌমিক, জাপানের টোকিওস্থ সাংস্কৃতিক সংগঠক দম্পতি তোমোকো তিথি-খন্দকার আসলাম হীরা, অভিনেত্রী জুয়েনা শবনম প্রমুখ।