লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বলতে গিয়ে ছাত্রদলের এক নেতার তোপের মুখে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে শিক্ষাবিষয়ক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজকে বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহি দিয়া। সেই ওহি লন্ডন থেকে ভেসে আসে। আমি বারেবারে বলেছি, তারেক দুই বছর চুপচাপ বসে থাকো। পারো তো বিলাতে লেখাপড়াতে যুক্ত হয়ে যাও। সেখানে বহুভাবে লেখাপড়া করা যায়।’
এ সময় দর্শক সারিতে দাঁড়িয়ে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ওমর ফারুক কাউসার প্রতিবাদ জানান। জাফরুল্লাহ চৌধুরীকে সালাম দিয়ে তিনি বলেন, ‘স্যার আপনি বিএনপির কে? আপনি সব সময় বিএনপিকে নিয়ে উলটা-পালটা কথা বলেন।’ জবাবে জাফরুল্লাহ বলেন, ‘আমি বিএনপির কিছু না। ঐ যে গণতন্ত্রে আমার কথা বলার অধিকার আছে। আমার কথাটা শুইনা তারপরে বলেন। আপনাদের ভালোর জন্য কইতাছি। আপনাদের ভালোই বুঝেন না আপনারা।’ তখন কাউসার বলেন, ‘না, আমরা আমাদের ভালো অবশ্যই বুঝি। আপনি উলটা বুঝেন। আপনি আমাদের নেতাকে নিয়ে কথা বলবেন না, কখনোই বলবেন না। আপনি সব সময় আমাদের নেতা নিয়ে কথা বলেন। যদি বলেন, পরবর্তীতে কিছু হলে কিন্তু আমরা দায়ী না। ধন্যবাদ।’
‘এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ’ এর উদ্যোগে ‘শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও মোশাররফ আহমেদ ঠাকুরের সঞ্চালনায় সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক দিলারা চৌধুরী, বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ বক্তব্য রাখেন।