আবাহনী ১ : ১ মোহামেডান
স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবলে মোহামেডান-আবাহনীর প্রথম লেগের মুখোমুখিতে ২-২ গোলে ড্র হয়েছিল কুমিল্লায়। এবার ঢাকার মাঠে ফিরতি লেগেও ড্র হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ১-১ গোলে ড্র করেছে। কুমিল্লায় দুই দলের লড়াই যতটা উত্তাপ ছড়িয়েছিল ঢাকার ম্যাচে সেটা দেখা যায়নি। মাঠে দর্শক ছিলেন না। তবে সংশ্লিষ্ট যারা খেলা দেখেছেন তাদের সবার কাছেই ম্যাড়মেড়ে মনে হয়েছে।
অনেক দিন পর বড় ম্যাচের দেখা পেলেও খেলোয়াড়রা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। আফগানিস্তানের জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে মাসিহ সাইঘানি আবার ঢাকায় এসেছেন এবং গতকাল মোহামেডানের বিপক্ষেও নেমেছেন।
আবাহনীর অধিনায়ক ছিলেন ডিফেন্ডার রায়হান হাসান। ৩০ মিনিটে ক্যামেরুনের ফুটবলার ইয়াসান উতাচিংয়ের গোলে মোহামেডান এগিয়ে গিয়েছিল ১-০। এই গোল ১০ মিনিটও রাখতে পারেনি মোহামেডান। প্রথমার্ধের ৪১ মিনিটেই আবাহনীর হাইতির ফুটবলার বেলফোর্ট গোল শোধ করেন ১-১। গত ২৮ জানুয়ারি, কুমিল্লার ম্যাচে মোহামেডান গোল হজম করে গোল শোধ করেছিল। আবাহনী আবার গোল করে এগিয়ে গেলে, মোহামেডান আবার গোল শোধ করে ম্যাচে ফিরেছিল। দর্শক উপভোগ করেছিল সেই খেলা।