প্রিমিয়ার লিগের আলোচিত ৫ঘটনা

স্পোর্টস রিপোর্টার করোনার ধাক্কা, সামগ্রিক পরিস্থিতি মিলে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ এবার ওয়ানডের বদলে টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির বাধা ঠেলে শেষ হয়েছে ২০২০-২১ মৌসুমের লিগ। প্রায় মাসব্যাপী লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। লিগের ইতিহাসে সর্বাধিক ২১ বার শিরোপা জিতল ক্লাবটি। বাজে আম্পায়ারিং এবং ২২ গজের লড়াই ছাড়াও লিগের নানা ঘটনাপ্রবাহ নাড়িয়েছে দেশের ক্রিকেটাঙ্গন। প্রিমিয়ার লিগের আলোচিত পাঁচ ঘটনা তুলে ধরা হলো।

পাতানোর ‘গন্ধ’ সন্দেহ ছড়ানো ম্যাচ

গত ৭ জুন বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্রাদার্সের বিরুদ্ধে জয়ের জন্য শেষ বলে ওল্ডডিওএইচএসের দরকার ছিল ২ রান। কিন্তু ব্যাটসম্যান প্রিতম কুমার ব্যাটই চালাননি। পাতানোর সন্দেহ ঘণীভূত হয় ম্যাচটিকে ঘিরে। যদিও তদন্ত করে এবং কোনো অভিযোগ না পাওয়ায় পদক্ষেপ নিতে পারেনি বিসিবি। তবে ম্যাচটি নিয়ে সবার মনে ধোঁয়াশা রয়েই গেছে। এর আগে ৩ জুন আবাহনীর বিপক্ষে ১৩৬ রানের টার্গেটে ওল্ডডিওএইচএসের শম্বুক গতির ব্যাটিংও সন্দেহের উদ্রেক করেছিল অনেকের মনে।

সুরক্ষাবলয় ভেঙে আলোচনায় সাকিব

গত ৪ জুন মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ঐচ্ছিক অনুশীলনে ব্যাটিং করেছিলেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। কোচ, সাপোর্ট স্টাফরাও ছিলেন। ঐ দিন বাইরে থেকে দুই জন নেট বোলার ব্যবহার করেন সাকিব। এছাড়া একজন বহিরাগত দর্শকও ইনডোরে ঢুকে পড়েছিলেন, সেলফিও তুলেছিলেন। ভেঙেছিল মোটা অঙ্কে বিসিবির তৈরি করা সুরক্ষা বলয়।

লিগের নিয়ন্ত্রক সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) তদন্ত করে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছিল। পরে অবশ্য দুঃখ প্রকাশ করেই পার পেয়েছে সাকিব ও মোহামেডান।

স্টাম্পে লাথি, স্টাম্প উপড়ে ফেলায় সাকিবের শাস্তি

গত ১১ জুন আবাহনীর বিপক্ষে ম্যাচে দুই বার মেজাজ হারিয়েছিলেন সাকিব। নিজের বলে মুশফিকের বিরুদ্ধে এলবির আবেদন করে সাড়া না পাওয়ায় স্টাম্পে লাথি মারেন তিনি। পরে বৃষ্টিতে আম্পায়াররা খেলা বন্ধ করার ঘোষণা দিতেই এগিয়ে এসে স্টাম্প উপড়ে আঁছাড় দেন সাকিব। তর্কে লিপ্ত হয়েছিলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও। পরে এই ঘটনায় বাঁহাতি এ অলরাউন্ডারকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বর্ণবাদী আচরণে সাব্বিরের জরিমানা

বিকেএসপিতে ১৬ জুন শেখ জামাল-ওল্ডডিওএইচএস ম্যাচে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন ইলিয়াস সানি। মাঠের বাইরে থেকে লেজেন্ডস অব রূপগঞ্জের সাব্বির রহমান ইট ছুঁড়ে মারেন শেখ জামালের অভিজ্ঞ ক্রিকেটার ইলিয়াস সানিকে। বর্ণবাদী গালিও দেন সাব্বির। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সিসিডিএমকে লিখিত অভিযোগ জানায় শেখ জামাল। শেষ পর্যন্ত শুনানির পর সাব্বির ও শেখ জামালের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করে সিসিডিএম। ইলিয়াস সানিকে সতর্ক করে দেওয়া হয়।

অসন্তোষ দেখিয়ে মাহমুদউল্লাহর জরিমানা

লিগ জুড়েই দুর্বল আম্পায়ারিংয়ের নজির দেখা গেছে। মিরপুর স্টেডিয়ামে গত ২৩ জুন প্রাইম ব্যাংকের অলক কাপালির বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেছিলেন গাজী ক্রিকেটার্সের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পুরো দলই আবেদনে যোগ দেয়। আম্পায়ার সাড়া না দেওয়ায় মাহমুদউল্লাহ বিচিত্র কাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন। হাত-পা ছুঁড়েন, মাটিতে বসে পড়েন, দুই হাত মাথায় তুলে আবেদন করতে থাকেন। এই আচরণের কারণে মাহমুদউল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেরা পাঁচ ব্যাটসম্যান

নাম                    ক্লাব               ম্যাচ  রান

মিজানুর রহমান       ব্রাদার্স             ১১    ৪১৮

মাহমুদুল হাসান জয়  ওল্ডডিওএইচএস ১৩    ৩৯২

নুরুল হাসান সোহান  শেখ জামাল      ১৬    ৩৮৯

মুমিনুল হক            গাজী ক্রিকেটার্স  ১৬    ৩৮৫

নাঈম শেখ            আবাহনী          ১৬    ৩৭৫

সেরা পাঁচ বোলার

নাম                     ক্লাব              ম্যাচ  উইকেট

সাইফউদ্দিন            আবাহনী          ১৬    ২৬            

কামরুল ইসলাম রাব্বি                   প্রাইম দোলেশ্বর      ১৬ ২৫

শরীফুল ইসলাম       প্রাইম ব্যাংক     ১৬    ২২

তানভির ইসলাম       শাইনপুকুর       ১১    ২০

মেহেদী হাসান          গাজী ক্রিকেটার্স  ১৬    ১৮