ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন করা প্রয়োজন :শিল্পমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, কোভিড-১৯-এর মধ্যেও দেশের প্রত্যন্ত পাড়ায়, গ্রামে ক্ষুদ্র উদ্যোক্তারা ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করছেন। এখন দরকার তাদের দক্ষতা উন্নয়ন। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য উত্পাদন, বাজার সংযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়নে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। এসব উদ্যোগের ফলে ধীরে ধীরে দেশের উদ্যোক্তাদের পণ্য সারা বিশ্ব জয় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গতকাল রবিবার আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষ্যে এক ওয়েবিনারে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০১৭ সালে ২৭ জুনকে ‘এমএসএমই দিবস’ হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। সেই হিসেবে এ বছর সারা বিশ্বে পঞ্চম বারের মতো দিবসটি পালিত হচ্ছে। আর এসএমই ফাউন্ডেশন প্রথম বারের মতো দিবসটি উদ্যাপন করছে।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। এতে আরো অংশ নেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব মো. আখতার হোসেন, শিল্পসচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান ২৫ শতাংশ। দেশের ৭৮ লাখ ১৩ হাজারের অধিক শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৯৯ শতাংশের বেশি কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি বা সিএমএসএমই। অর্থনীতিতে এমএসএমই খাতের অবদান আরো বৃদ্ধি করতে এবং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় উদ্বুদ্ধ হয়ে দেশের তরুণ ও যুব সমাজ এখন চাকরি খুঁজছে না, নিজেরাই চাকরি দেওয়ার ব্যবস্থা করছে।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক না থাকায় সরকারের প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন এসএমই উদ্যোক্তারা। তাই এ শিল্পের জন্য বিকল্প অর্থায়নের ব্যবস্থা করা দরকার। অর্থনৈতিক অঞ্চলে এসএমইয়ের জন্য আলাদা জায়গায় ইউটিলিটি বরাদ্দ থাকতে হবে। এছাড়া এসএমই উদ্যোক্তাদের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণের আহ্বান জানান তিনি। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, মহামারির প্রেক্ষাপটে এসএমই উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় ৩০০ কোটি টাকার মধ্যে ইতিমধ্যে এ অর্থবছরে বরাদ্দকৃত ১০০ কোটি টাকা বিতরণ করতে সক্ষম হয়েছে এসএমই ফাউন্ডেশন।