ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইনসিওরেন্স প্রশাসক পদ থেকে বাদ পড়া সুলতান-উল-আবেদীন মোল্লার কার্যক্রম নিরীক্ষা করা হবে। মাসিক ৪ লাখ টাকা সম্মানীতে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় আইডিআরএ।
প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুলতান-উল-আবেদীন মোল্লার কিছু কার্যক্রম বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে কয়েক জন কর্মীকে অস্বাভাবিক পদোন্নতি ও বদলির ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপে চার মাসের মাথায় গত ৯ জুন সুলতান-উল-আবেদীন মোল্লার নিয়োগ বাতিল করে ডেল্টা লাইফে নতুন প্রশাসক বসিয়েছে আইডিআরএ। সেই সঙ্গে সুলতান-উল-আবেদীন মোল্লার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ের বিশেষ অডিট (নিরীক্ষা) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ নিরীক্ষা করতে দেশি বা বিদেশি একচুয়ারি ফার্ম নিয়োগ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন প্রশাসককে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলন করে ডেল্টা লাইফের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন তাদের কাছে ঘুষ দাবি করেছেন। সেই সঙ্গে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণেরও অভিযোগ করে প্রতিষ্ঠানটি।