লকডাউনে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করুন

বিশ্বব্যাপী করোনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করেছে। এদিকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লকডাউনের ফলে ছোট ও মাঝারি ধরনের শিল্পকলকারখানাগুলো অস্তিত্ব সংকটে ধুঁকতে শুরু করেছে। এগুলির সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের জীবিকাও পড়েছে হুমকির মুখে। পৃথিবীজুড়ে বেকারত্ব অস্বাভাবিক রকমে বেড়ে যাচ্ছে। বিশ্ব অর্থনীতি পড়েছে মহাসংকটের মুখে। পাশাপাশি অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বর্তমানে একটা ক্রমবর্ধমান অভিশাপরূপে দেখা দিয়েছে। প্রতিদিন বাজারে গিয়ে গৃহকর্তাকে হিমশিম খেতে হচ্ছে। চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্যহীনতা, কৃত্রিম অভাব সৃষ্টিকারী, মজুদদারি, ফটকাবাজি, মুদ্রাস্ফীতি ও কালোবাজারি ইত্যাদি দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। ফলে জনসাধারণের ভোগান্তি শতগুণ বেড়ে যাচ্ছে। বাজারের এই ঊর্ধ্বগতি জনজীবনে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছে। করোনা কালীন দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য অসাধু ব্যবসায়ী, মজুদদার, ফটকা কারবারি ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সর্বসাধারণকে অপচয় রোধে সচেতন করতে হবে। সরকারি ব্যবস্থায় স্থানীয় সরকারের মাধ্যমে প্রতিটি মহল্লায় এবং গ্রামে সবরকম পণ্য ন্যায্যমূল্যে বিক্রির ব্যাপক ব্যবস্থা করতে হবে।

মো. রনি

হাজীগঞ্জ, চাঁদপুর