বরিশাল অফিস
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উত্সব ভাতা, বাড়িভাড়া ও চিকিত্সা ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। গতকাল রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শিক্ষক-কর্মচারী ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির ব্যানারে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিভাগীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাকবিশিস বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আ ক ম মিজানুর রহমান সেলিম, বাকবিশিস বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সদস্যসচিব অধ্যক্ষ মো. মসিউর রহমান, অধ্যক্ষ হানিফ তালুকদার এবং টুনু রানী কর্মকার প্রমুখ। বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উত্সব ভাতা, বাড়িভাড়া ও চিকিত্সা ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানান।