কক্সবাজার সৈকতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে খেলতে গিয়ে ইশরাত আবরার (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রবিবার সকাল ৮টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ আবরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং শহরের গোলদিঘীর পাড় এলাকার আমান উল্লাহর ছেলে। কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত সি-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান বলেন, রবিবার সকালে আবরারসহ ১৪ জন বন্ধু সাগর তীরের বালিয়াড়িতে খেলতে আসে। আবরার দুই বন্ধুকে নিয়ে সৈকতে গোসল করতে নামলে স্রোতের টানে দুজন ভেসে যায়। পরে লাইভ গার্ডের কর্মীরা আবরারের সহপাঠী কামরুল হাসানকে উদ্ধার করতে পারলেও আবরারকে উদ্ধার করা যায়নি। কামরুল হাসানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্রোতের টানে ভেসে যাওয়া স্কুলছাত্র আবরারের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন লাইফ গার্ডের কর্মীরা।