মেহেদির রং না মুছতেই লাশ হলো নববধূ

স্বামী গ্রেফতার

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা 

হাতে মেহেদীর রং না মুছতেই বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় লাশ হলো ফাতেমা বেগম (১৮) নামের এক নববধূ। শনিবার সন্ধ্যায় সেনবাগ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে। রবিবার সকালে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তার স্বামী মো. শরীফ (২৫)-কে পুলিশ গ্রেফতার করেছে। ফাতেমা সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের ভাড়া বাসায় নিজ কক্ষের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে প্রচার চালায় তার স্বামী মো. শরীফ। পরে ঐ বাড়ির লোকজন ফাতেমাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধূ লক্ষ্মীপুর সদরের চর রমণী গ্রামের মৃত আবদুল মালেকের মেয়ে।     সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, ফাতেমার সঙ্গে ১৫ দিন আগে একই এলাকার মো. শরীফের বিয়ে হয়। প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনা মামলায় তার স্বামী শরীফকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।