ঝিনাইদহে আমের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

আমের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন পালন করেছে বাগানমালিক  ও ব্যবসায়ীরা। রবিবার সকালে সদর উপজেলার কাশিপুর গ্রামে আমবাগানের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন ঐ এলাকার শতাধিক বাগানমালিক ও আম ব্যবসায়ীরা। এ সময় আমবাগান মালিক সাহেব আলী জোয়ার্দ্দার, রেজাউল করিম রাজাসহ অন্যরা বক্তব্য রাখেন। ব্যবসায়ী বুলবুল আহম্মেদ বাপ্পী বলেন, গত বছর ঘূর্ণিঝড় আম্ফানে এ এলাকার সব আমগাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে কারণে লোকসানের সম্মুখীন হয়েছিল তারা। এ বছর আশা নিয়ে বাগান পরিচর্যা করেন। কিন্তু লকডাউনের কারণে জেলার বাইরে থেকে কোনো পাইকার আসছে না। জেলার বিভিন্ন উপজেলাতেও আম পাঠানো যাচ্ছে না। যে কারণে প্রতি কেজি আম ১০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে এবারও লোকসানের আশঙ্কা করছে তারা। এ অবস্থায় আমের বাজার ব্যবস্থাপনা উন্নত, পরিবহন সুবিধা ও দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপপরিচালক মো. আজগর আলি জানান, এ বছর জেলায় ৩৩ হাজার ৫০০ টন আম উত্পাদন হয়েছে।