সিলেটে সংঘর্ষ এড়াতে পুলিশের ফাঁকা গুলি

সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা

সিলেটের গোয়াইনঘাটে এক রিকশা চালককে মারধরের জেরে রবিবার সকালে দুই গ্রামের কয়েক শ লোক মুখোমুখি হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামের রিকশাচালক হারুন রশিদকে গোয়াইন বাজারে পশ্চিম জাফলং ইউনিয়নের গোয়াইন গ্রামের এক লোক মারধর করে। এর জেরে রবিবার সকালে সতি গ্রামের কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে গোয়াইন গ্রামের পশ্চিম মসজিদসংলগ্ন মাঠে অবস্থান নেয়। একইভাবে গোয়াইন গ্রামের শতাধিক লোক অস্ত্র নিয়ে জড় হয়। উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সেখানে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।  গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ঘটতে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।