কমলগঞ্জে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে রবিবার দুপুর ১টার দিকে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। মৃত শিশুরা হলো—শুভ আহমেদ (৮) ও তার ভাগনি মীম আক্তার (৬)। তারা ভানুবিল গ্রামের দিনমজুর জব্বার মিয়ার মেয়ে এবং শ্যালক। স্থানীয়রা জানান, কান্দিগাঁও জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে মাছ ধরতে সেচ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন বাবা। এ সময় সেচের পানি পাশের একটি পুকুরে জমা হতে থাকে। মামা-ভাগনি দুই শিশু মাছ ধরা দেখতে গিয়ে হঠাত্ পুকুরে পড়ে যায়। পরে শিশু মীমকে উদ্ধার করে আদমপুরস্থ স্থানীয় ক্লিনিকে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এদিকে শুভকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরে ডোবার পানিতে লাশ ভাসতে দেখেন স্বজনরা। তাত্ক্ষণিক স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিত্সক শুভকেও মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে পুকুরে ডুবে জুনায়েদ (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ ঐ এলাকার আলকাছ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানায়, দুপুর ১২টার দিকে বিষ্ণুপুর মাদ্রাসার পাশের পুকুরে জুনায়েদ ডুবে গেলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পল্লী চিকিত্সকের কাছে নিয়ে যায়। সেখান থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহানা আক্তার নুর স্বর্ণা জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।