চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে গতকাল রবিবার মিডশিপম্যান ২০১৮/বি ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২১/এ ব্যাচের নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ এ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৮/বি ব্যাচের ৪৭ জন মিডশিপম্যান এবং ২০২১/এ ব্যাচের ১৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৬৫ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে ৯ জন মহিলা কর্মকর্তা রয়েছেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মিডশিপম্যান ২০১৮/বি ব্যাচের সাইফ খান বিজন সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। মিডশিপম্যান আবুল কাশেম প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌ প্রধান স্বর্ণ পদক’ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২১/এ ব্যাচ হতে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মেহেদী হাসান তুহিন শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীর শ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন স্বর্ণ পদক’ লাভ করেন। পরে নবীন কর্মকর্তারা আনুষ্ঠানিভাবে শপথ গ্রহণ করেন এবং তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। —আইএসপিআর