ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তথ্যপ্রবাহ ও প্রযুক্তির এক সুবর্ণ সময় অতিক্রম করছে বাংলাদেশ। আজকের ডিজিটাল বাংলাদেশ পরিপূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে করোনা মহামারিকালেও প্রযুক্তির সাহায্যে মানুষ একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে পারছে। তিনি গতকাল রবিবার ‘আজকের পত্রিকা’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া অবাধ সংবাদ প্রচার করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতি উদ্যাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত দেশের দিকে আমাদের অগ্রগতি আজ বিশ্বজুড়ে প্রশংসিত।
আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদও বক্তব্য রাখেন।