রিকশাচালকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে বাধা

বিশেষ প্রতিনিধি

ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রবিবার সমাবেশ শেষ করে বেলা সাড়ে ১১টার দিকে একটি মিছিল নিয়ে পল্টন মোড় ঘুরে জিরো পয়েন্ট মোড়ে আসলে পুলিশ তাদের বাধা দেয়। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার এস এম বজলুর রশিদ জানান,  রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ১৫-২০ মিনিট জিরো পয়েন্টে অবস্থান নিয়েছিলেন। তখন গোলাপ শাহ মাজার হয়ে যান চলাচল করেছে। পরবর্তী সময়ে তারা চলে গেছেন। বাধার মুখে দুই শতাধিক রিকশাচালক জিরো পয়েন্টে সমাবেশ করেন। তারা জানান, গত ২০ জুন জাতীয় সড়ক পরিবহন টাস্ক ফোর্সের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধ ঘোষণা করায় চরম বিপাকে পড়েছেন তারা। সরকারের এ সিদ্ধান্তের ফলে সারা দেশে কয়েক লাখ রিকশা শ্রমিকদের রুটি-রুজি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানান রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের  সভাপতি শাহাদাত্ খাঁ।