হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংগঠনের করা অভিযোগ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে নিষ্ঠুর আচরণ করা হয়, এই অভিযোগ কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রমূলক তত্পরতারই অংশ। সুনির্দিষ্ট অভিযোগ কিংবা আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত ব্যক্তিকে বিদ্যমান বিধিবিধান মতে জিজ্ঞাসাবাদ করা হয়।’
প্রসঙ্গত, মানবাধিকার বিষয়ক ১০টি আন্তর্জাতিক সংস্থার একটি মোর্চা শনিবার একটি যৌথ বিবৃতি পাঠায়, যেখানে বলা হয়েছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো গ্রেফতারকৃত এবং সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে নির্যাতন ও নিষ্ঠুর আচরণ করছে।
বিভিন্ন সময়ে ঢালাওভাবে গুমের অভিযোগ করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পরে এসব মিথ্যা প্রমাণিত হয়, যা অতি সম্প্রতি দেখা গেছে। তিনি বলেন, আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্টের সময়ে বাধা দিলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর সরাসরি হামলার ছবিও দেখা যায়, দেখা যায় থানা আক্রমণসহ আগুন দেওয়ার ঘটনা। সরকারি অফিসে হামলা চালিয়ে নথিপত্রে আগুন দেওয়ার ঘটনাও দেখা যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এসব ঘটনা মানবাধিকার সংগঠনগুলো বক্তব্য বিবৃতিতে কিছুই বলে না। আগুন সন্ত্রাসের শিকার হয়ে জীবন্ত মানুষ যখন দগ্ধ হয় তখন মানবাধিকার সংগঠনগুলো কোথায় থাকে? তিনি বলেন, কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে ঢালাও অভিযোগ প্রত্যাশিত নয়। হেফাজতের কোনো অপরাধমূলক কাজ হলে নিজস্ব আইন অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাস্তির আওতায় আনার নজির রয়েছে এবং কাউকেও ছাড় দেওয়া হচ্ছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনমনে শান্তি ও স্বস্তি বিধানে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি নাগরিক অধিকার সুরক্ষা সরকারের অগ্রাধিকার। সব অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হয় নাই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিককালে আলোড়ন সৃষ্টিকারি ফেনীর নুসরাত, বরগুনার রিফাত শরিফ, কক্সবাজারে মেজর সিনহাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং নারীর প্রতি অমর্যাদাকর প্রতিটি ঘটনায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালেও অর্থনৈতিক সূচকসমূহে ইতিবাচক ধারা এবং প্রবৃদ্ধি বিষ্ময় জাগিয়েছে, যা অনেকের সহ্য হয় না। এ অব্যাহত অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে।