আলোচিত বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্তের স্বার্থে সাভার মডেল থানায় ডাকা হয়েছিল চিত্রনায়িকা পরীমনিকে। গতকাল রবিবার সাভার মডেল থানায় আসেন পরিমনি। এ সময় তার সঙ্গে কয়েক জন উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় থানা থেকে বের হয়ে যান।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, পরীমনির মামলায় সাভার থানা হাজতে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন ও পরীমনির বন্ধু তুহিন সিদ্দিকী অমি। রিমান্ডে থাকাবস্থায় জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তদন্তকারী কর্মকর্তা যেসব তথ্য পেয়েছেন তা যাচাই করতেই পরীমনিকে থানায় ডেকে আনা হয়েছিল। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা থাকার পর বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমের কর্মীরা পরীমনিকে থানায় আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, মামলার অগ্রগতি ও পরিস্থিতি জানতে তিনি থানায় এসেছিলেন।
এদিকে পরীমনি থানায় এসেছেন খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ভিড় করলে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। থানায় প্রবেশাধিকার সীমিত করলে অন্যান্য সেবা প্রত্যাশীরা ভোগান্তির মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।