বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্রছাত্রীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্ব ও সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। আমেরকািয় বসবাসরত পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরশহরের সম্ভ্রান্ত খান বাড়ির সন্তান মাইসা খান শিক্ষাক্ষেত্রে এবারও মার্কিন শিক্ষা অ্যাওয়ার্ড লাভ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিউ ইয়র্কের লং আইল্যান্ডে বসবাসরত বাংলাদেশি আমেরিকান বিশিষ্ট ব্যবসায়ী ও ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক রোভার স্কাউট লিডার মঈন ইউ (অপু) খান ও নুসরাত খানের বড় মেয়ে মাইসা খান সম্প্রতি নিউফিল্ড হাইস্কুল থেকে মার্কিন প্রেসিডেন্ট এক্সিলেনসি অ্যাওয়ার্ড ২০২১ লাভ করেন। গত ২৫ জুন স্কুল অডিটোরিয়ামের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সেখানকার শিক্ষা বিভাগ তাকে এ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করে। মাইসা খান এ বছর একই স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য স্টোনি ব্রুক ইউনির্ভাসিটি ওয়াইজ অনার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন। মাইসা খান ২০১৪ সালেও বারাক ওবামা স্বাক্ষরিত প্রেসিডেন্ট এক্সিলেনসি অ্যাওয়ার্ড পান এবং এবার পেলেন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত প্রেসিডেন্ট এক্সিলেনসি অ্যাওয়ার্ড।
উল্লেখ্য, প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেসব ছাত্রছাত্রী সব বিষয়ে শতকরা ৯০ ভাগ বা তার বেশি নম্বর পান তারা এই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। মাইসা খান আমেরিকা থেকে তার বাবার ফেসবুক ম্যাসেঞ্জারে বলেন, একজন বাংলাদেশি হিসেবে এ অর্জনে গর্ববোধ করছি। এ জন্য দেশের মানুষের দোয়া কামনা করছি। এ বিষয়ে মাইসা খানের বড় চাচা ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম. মহিউদ্দিন খান দীপু বলেন, এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে মার্কিন সরকারের বিভিন্ন বিভাগে বাংলাদেশি আমেরিকানদের সংখ্যা আরো বাড়বে এবং তারা গুরুত্বপূর্ণ ও উচ্চপদে তাদের অবস্থান সুদৃঢ় করতে পারবে।