ভারতের জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে শনিবার দিবাগত রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটেছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, জোড়া বিস্ফোরণের জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে চীনে তৈরি ড্রোন পাকিস্তান হয়ে ভারতে ঢুকে এই হামলা চালিয়েছে। এই বিষয়ে এখনো তদন্ত চলছে।
গভীর রাতে এই জোড়া বিস্ফোরণে আইএএফের দুই সদস্য আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়। প্রথম বিস্ফোরণে বিমান ঘাঁটিটির প্রযুক্তি বিভাগের একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে আর অন্য বোমাটি খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে। হামলার পর ভারতের জাতীয় তদন্ত সংস্থার একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ভারতীয় বিমান বাহিনীও এ ঘটনার তদন্ত করছে।
জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং বলেছেন, জম্মুতে বিস্ফোরণে ড্রোন ব্যবহার করা হয়েছিল। আরো একটি বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনার পরে পাঠানকোটসহ অন্য সামরিক ঘাঁটিগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি দেখতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যখন লাদাখে অবস্থান করছিলেন তখনই এই হামলার ঘটনা ঘটেছে।
এদিকে গতকাল রবিবার জম্মুর নারওয়াল এলাকা থেকে চার কেজি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) নিয়ে ধরা পড়েছে এক যুবক। বড় নাশকতার উদ্দেশ্যেই এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ ধারণা করছে।