খুলনা ও রাজশাহী বিভাগে এক দিনে ৪৫ জনের মৃত্যু

দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনায় আক্রান্ত হয়ে এক দিনে খুলনা বিভাগে ২৮ জন ও রাজশাহী বিভাগে ১৭ জন মারা গেছেন। মৃত্যুর সঙ্গে সঙ্গে বেড়েছে করোনা সংক্রমণের হারও। গতকাল রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১২ জনেরও বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছেন ৯৬২ জন। তবে দিনাজপুরে গত তিন দিন ধরে করোনা শনাক্তের হার কিছুটা কমতির দিকে।

খুলনা অফিস জানায়, খুলনা বিভাগে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন। গতকাল রবিবার  দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় পাঁচ, বাগেরহাটে পাঁচ, যশোরে চার, নড়াইলে চার, কুষ্টিয়ায় চার, ঝিনাইদহে দুই, চুয়াডাঙ্গায় দুই এবং মেহেরপুরে দুই জন মারা গেছেন।

বাগেরহাটে পাঁচ জনের মৃত্যু,

সংক্রমণের হার ৪২ শতাংশ

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। ৪১২টি নমুনা পরীক্ষা করে ১৭৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪২ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭৯ জন। জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, রাজশাহী বিভাগে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে ৪ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষায় ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ০৮ শতাংশ। বৃহস্পতিবার বিকালের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার এসব তথ্য জানান। 

সিরাজগঞ্জে করোনায় আক্রান্ত ৭৩ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহ করা হয় ২৩৭ জনের। করোনা আক্রান্তদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল  সিরাজগঞ্জে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালে ১১ জন চিকিত্সাধীন রয়েছেন। বাকিদের বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিত্সার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বেনাপোল ও শার্শায় করোনা সংক্রমণ বেড়েছে

বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, যশোরের বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলায় দ্বিতীয় সপ্তাহের লকডাউনের প্রথম দিনে করোনা সংক্রমণের হার বেড়েছে। লকডাউনের প্রথম দিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ জন। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, করোনা পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় লকডাউন আরো এক সপ্তাহ বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। সড়ক-মহাসড়কে কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে।

দিনাজপুরে তিন দিন ধরে কমছে শনাক্তের হার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, দিনাজপুরে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়লেও গত তিন দিন ধরে কমছে শনাক্তের হার। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, প্রশাসন কঠোর বিধিনিষেধ আরোপ করায় শনাক্তের  হার কমছে। মানুষ লকডাউনে সহযোগিতা করলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে শনাক্তের হার আরো কমিয়ে আনা সম্ভব বলে আশা করছে দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ।