জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাটখেতে ডেকে নিয়ে ১৩ বছর বয়সি এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রবিবার সকালে ধর্ষণের শিকার ঐ কিশোরীর বাবা তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বুধবার রাতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ধলিবন্দ এলাকার একটি পাটখেতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এই মামলার আসামিরা হচ্ছে—একই গ্রামের বাসিন্দা নজরুলের ছেলে সুমন (২০), এবাদুলের ছেলে এনামুল (২১) ও হাইমদ্দিনের ছেলে জাকিরুল (২২)।
জানা গেছে, ঐ কিশোরী উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ধলিবন্দ এলাকার বাসিন্দা। আসামিরা ঐ কিশোরীর প্রতিবেশী। জানা গেছে, সুমন ঐ কিশোরীকে গত বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় সুমনের সহযোগী এনামুল ঐ কিশোরীকে যৌন নির্যাতন করে এবং জাকিরুল পাহারা দেয়। পরে ঘটনা প্রকাশিত হলে ঐ কিশোরীর বাবা রবিবার সকালে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের সহযোগিতার দায়ে থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঐ কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।