বুয়েটের আবরার হত্যা

আসামি হাজির না করায় পেছাল সাফাই সাক্ষ্য

আসামিদের কারাগার থেকে আদালতে হাজির না করায় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সাফাই সাক্ষ্য অনুষ্ঠিত হয়নি। আজ সোমবার আবারও সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রেখেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

গত ১৪ মার্চ মামলার ২৫ আসামির মধ্যে কারাগারে থাকা ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনে তারা আদালতে বক্তব্য দেন। এরপর আদালত আসামিদের কাছে জানতে চান, তারা সাফাই সাক্ষ্য দেবেন কি না? তখন আসামিদের মধ্যে মেফতাহুল ইসলাম জিয়ন, ইশতিয়াক আহম্মেদ মুন্না ও মেহেদী হাসান রাসেল নিজেরা নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেবেন বলে জানান। এছাড়া রাসেলের পক্ষে আরো পাঁচ জন সাফাই সাক্ষ্য দেবেন। এরপর করোনার মধ্যে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরুর পর রবিবার সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছিল আদালত। কিন্তু আসামি হাজির না করায় সাফাই সাক্ষ্য অনুষ্ঠিত হয়নি।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের একটি কক্ষে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে। এই মামলায় ২৫ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে। এদের মধ্যে ২২ জন কারাগারে।