শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে ছাত্রীদের বাইসাইকেল দেওয়ার প্রকল্প গ্রহণ করার জন্য সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে মেয়েদের সচেতনতা সৃষ্টিতে বাল্যবিবাহ রোধ এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলাবিষয়ক প্রকল্প তৈরি করা যেতে পারে বলেও কমিটি মত দিয়েছে।
বৈঠকে কমিটি শিক্ষামূলক শিশুতোষ প্রামাণ্যচিত্র তৈরি করে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- আব্দুল আজিজ, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।