করোনা সংক্রমণের সংকটময় পরিস্থিতিতে আগামী ১২ জুলাই হিন্দু সম্প্র্রদায়ের অন্যতম ধর্মীয় উত্সব জগন্নাথ দেবের রথযাত্রা ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে সীমিত পরিসরে উদ্যাপিত হবে। সরকারের স্বাস্থ্যবিধি মেনে এই ধর্মীয় উত্সব ও রথ টানা মন্দির প্রাঙ্গণে সীমিত রাখা হবে।
গতকাল রবিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সম্মেলন কক্ষে আসন্ন রথযাত্রা উত্সব উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সহ-সভাপতি পূরবী মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।
করোনা মহামারির মধ্যেও দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, সাতক্ষীরার শ্যামনগর, সুনামগঞ্জের শাল্লা ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।