‘খেলার মাঠে মার্কেট নয়, পরিবেশবান্ধব স্টেডিয়াম চাই’

 ‘পুরান ঢাকার ধূপখোলা খেলার মাঠে মার্কেট চাই না, আমরা পরিবেশবান্ধব স্টেডিয়াম চাই। এই মাঠকে সংরক্ষণে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে যৌথভাবে সর্বস্তরের জনগণের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ উপযোগী স্টেডিয়াম তৈরি করতে হবে। বাণিজ্যিক মার্কেট নির্মাণ করলে ভবিষ্যত্ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। সব শ্রেণির মানুষ খেলাধুলা করতে মাঠে আসবে নির্মল বিনোদনের জন্য।

গতকাল রবিবার রাজধানীর ধূপখোলা খেলার মাঠে এক মানববন্ধন কর্মসূচিতে স্থানীয়রা এসব কথা বলেন। মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গেন্ডারিয়ার সর্বস্তরের এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী বলেন, ঐতিহাসিক ধূপখোলা মাঠ গেন্ডারিয়াবাসীর জন্য একটি গর্বের সম্পদ। আমরা ২০১৭ সাল থেকে শুনছি এই মাঠে মার্কেট তৈরি করা হবে। ধূপখোলা মাঠকে মূলত ধ্বংস করার প্রকল্প পাশ হয়েছে। বিশ্বের কোথাও কোনো ইতিহাস নেই, যেখানে মাঠ দখল করে মার্কেট করা হয়। মানববন্ধনে এলাকাবাসী সরকারের কাছে পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো— ঐতিহাসিক ধূপখোলা মাঠে ইমারতের মার্কেট তৈরির সিদ্ধান্ত বাতিল করতে হবে; স্বাস্থ্যসম্মত পরিবেশ উপযোগী সর্বসাধারণের জন্য স্টেডিয়াম তৈরি করতে হবে; মাঠ ও পার্শ্ববর্তী এলকাসমূহে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে; মাঠ এবং চারদিকে সবুজায়ন করতে হবে; ধূপখোলা মাঠের চারদিকে জননিরাপত্তা বিধানকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি করতে হবে।