রেকর্ড তামপাত্রায় অতিষ্ঠ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বাসিন্দারা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের কর্তৃপক্ষ বাসিন্দাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলেছে। বিদ্যুত্ কোম্পানিগুলো গ্রাহকদেরকে কম বিদ্যুত্ খরচেরও পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ এ সপ্তাহান্তে এবং পরের সপ্তাহজুড়ে ওয়াশিংটন ও অরেগনের সব এলাকা এবং আইডাহো, উইওমিং ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন অংশে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে উল্লেখ করে অত্যধিক তাপমাত্রাজনিত সতর্কতা জারি করেছে। সিয়াটলে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার শহরটির তাপমাত্রা রেকর্ড ভেঙে ৪৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। শনিবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে রেকর্ড পরিমান তাপমাত্রা রেকর্ড করা হয়। ওরেগন রাজ্যের সর্ববৃহত্ শহর পোর্টল্যান্ডের তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা ছিল সর্বকালের রেকর্ড। স্থানীয় কর্মকর্তারা শহরটির বাসিন্দাদেরকে বেশি বেশি পানি পান করতে, জানালায় পর্দা ব্যবহার করতে, পাখা ব্যবহার করতে এবং প্রয়োজন পড়লে কুলিং সেন্টারে যেতে পরামর্শ দিয়েছেন। -রয়টার্স ও ভয়েস অব আমেরিকা