এবার পুলিশ পরিচয়ে ট্রাকের হেলপারের প্রেম, অতঃপর...

রাজশাহীর বাঘায় একজন ট্রাকের হেলপার ভুয়া পুলিশ পরিচয়ে স্কুলছাত্রীর সাথে প্রেম করে তাকে নিয়ে পালানোর পথে গণধোলাইয়ের শিকার হয়েছে। রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মনিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেঁথুলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আহাদ আলী (২৩) নিজেকে (ছদ্দ নাম- আকাশ) এবং ভুয়া পুলিশ পরিচয় দিয়ে মনিগ্রাম এলাকার জনৈক ব্যাক্তির অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর সাথে গত এক বছর ধরে প্রেম করে আসছে। এর সূত্র ধরে চারদিন পূর্বে সে ঐ ছাত্রীকে বাড়ি থেকে বের করে তার নিজের বাড়ি নিয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে স্কুল ছাত্রীর পিতা বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি) করেন। এরপর ছেলের বাড়ি থেকে উপজেলা ছাত্রলীগের এক নেতার মাধ্যমে তার মেয়েকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে যায়।

সর্বশেষ রবিবার (২৭ জুন) বিকেলে ঐ যুবক মোবাইলে যোগাযোগের মাধ্যমে আবারও স্কুল ছাত্রীকে তার নিজ বাড়ি থেকে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মেয়ের পরিবারসহ স্থানীয় লোকজন ভুয়া পুলিশ পরিচয়ধারী যুবক আহাদ আলীকে গণধোলাই দেয়। 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, স্কুলছাত্রীর বাবা চারদিন পূর্বে যখন স্বেচ্ছায় তার মেয়ে ছেলের বাড়ি চলে যায় তখন তিনি মামলা করেননি। করেছেন একটি জিডি। অতঃপর রবিবার তার মেয়ে পুনরায় যখন ছেলের সাথে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাকে মারধর করে বলে জানতে পেরেছি। এ বিষয়ে উভয়পক্ষ থেকে অভিযোগ দেওয়ার সুযোগ রয়েছে। যদি অভিযোগ পাই তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসজেড