আবারো বুবলীর ‘নায়ক’ ইমন

বিনোদন রিপোর্ট

এরইমধ্যে বেশকিছু সফল চলচ্চিত্র উপহার দিয়ে প্রযোজক-পরিচালক থেকে শুরু করে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন চিত্রনায়ক ইমন ও শবনম বুবলী। এই দুই তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেলেও একে অপরের বিপরীতে এখনো দেখেনি দর্শকরা। এবার সেই অপেক্ষার পালাও শেষ হলো। একসঙ্গে হাজির হলেন তারা। তবে কোনো সিনেমায় নয়, এই জুটিকে দেখা যাবে একটি বিজ্ঞাপনে। একটি পানির বিজ্ঞাপনের জুটি বেঁধেছেন তারা। গত ২৭ তারিখ উত্তরার একটি মিলনায়তনে বিজ্ঞাপনটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ইমন ও বুবলী। বিজ্ঞাপনটি শিগগিরই প্রচার শুরু হবে বলে ইমন জানিয়েছেন।

বিজ্ঞাপনটির পরিচালক রবিন খান জানান, বিগ বাজেটে বিশাল পরিসরের কাজ এই বিজ্ঞাপনটি। এশিয়ার মধ্যে সেরা হবে এমন একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। মুক্তা পানির সঙ্গে আবেগ মিশে থাকে। এটি সরকারি অর্থায়নে প্রস্তুত ও বাজারজাতকৃত একটি পণ্য। গাজীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই পানি তৈরির কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এরপর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। ইমন বলেন, ‘প্রতিবন্ধীদের কল্যাণে বাজারজাত করা প্রতিবন্ধীদের তৈরি প্রোডাক্টের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে অনেক ভালো লেগেছে। পুরো টিম চেষ্টা করেছে আন্তর্জাতিকমানের একটি টিভিসি নির্মাণের। সেটা বিজ্ঞাপনটি প্রচারের পর সবাই বুঝতে পারবেন।’