রয়টার্স
সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত রাজ্য গালমুদুগের এক শহরে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।
গালমুদুগ থেকে সোমালিয়া সেনাবাহিনীর মেজর মোহাম্মদ আওয়াল জানান, রবিবার রাজ্যটির উইসিল শহরে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালাতে গাড়িবোমা ব্যবহার করেছে বিদ্রোহীরা, এর পরপরই তাদের সঙ্গে সরকারি বাহিনী ও স্থানীয় সশস্ত্র ব্যক্তিদের লড়াই শুরু হয়। তিনি বলেন, ‘তারা দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘাঁটিটিতে হামলা শুরু করে, এরপর এক ঘণ্টারও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়। গাড়িবোমায় সামরিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা সবাই সশস্ত্র ছিলেন আর তারা ঘাঁটিতে বাড়তি শক্তি যুগিয়ে আল শাবাবকে তাড়া করে।’ লড়াইয়ে ১৭ সৈন্য ও ১৩ বেসামরিকসহ মোট ৩০ জন নিহত হয়েছেন বলে আওয়াল জানিয়েছেন।